১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৬তম বিসিএস: পৌনে ১০টার পর পরীক্ষা হলে নয়

পিএসসি বলছে, পরীক্ষার সময় প্রার্থীরা কানের উপর কোনো আবরণ রাখতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 05:09 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

আগামী ২৪ জুলাই থেকে অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার হলে প্রার্থীকে ঢুকতে হবে সকাল পৌনে ১০টার মধ্যে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, নির্ধারিত দিনে সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। তবে পৌনে ১০টার পর কোনো প্রার্থীকে হলে ঢুকতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রবেশপত্রে নির্দেশনা রয়েছে।

আগামী ২৪ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত চলবে আবশ্যিক বিষয়ের পরীক্ষা। ১০ থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।

দুই দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।

সময় হাতে নিয়ে আসার পরামর্শ

মঙ্গলবার পিএসসি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। 

কমিশন বলছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলতে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যাস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। দৈবচয়ন প্রক্রিয়ায় আসন ও কক্ষ খুঁজে পাওয়া কিছুটা সময়সাপেক্ষ হওয়ায় সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে প্রার্থীদের। 

পরীক্ষায় নিয়ে যত নির্দেশনা

মঙ্গলবার প্রকাশিত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে পিএসসি। 

এতে বলা হয়েছে, পরীক্ষা হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র দেখিয়ে এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার দিন এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনতে সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে।

কমিশন আরও জানিয়েছে, পরীক্ষার সময় প্রার্থীরা কানের উপর কোনো আবরণ রাখতে পারবে না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

পিএসসি বলছে, পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে, একইসঙ্গে ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। 

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

গত বছরের ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।

‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।

আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল গত ২৭ নভেম্বর ফের প্রকাশ করে পিএসসি।

এরপর ৮ মে থেকে লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে প্রার্থীদের আন্দোলনের মুখে গত ২১ মে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল।