Published : 20 May 2026, 05:53 PM
জনগণের জন্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হিসাব ও নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, “বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে সহজ ও প্রযুক্তিনির্ভর করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
“সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা, দক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করতে ‘কমপ্লায়েন্স অডিটের’ পাশাপাশি ‘পারফরমেন্স অডিট’ বা কর্মসম্পাদন নিরীক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বিশেষ সেবা কার্যক্রমের’ সমাপনী দিনে মঙ্গলবার বিভিন্ন অডিট অধিদপ্তর পরিদর্শনকালে সিএজি এসব কথা।
বুধবার সিএজি দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে নুরুল ইসলাম সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত এই বিশেষ সেবা সপ্তাহে সারা দেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কার্যালয় এবং ১৭টি অডিট অধিদপ্তরে সর্বমোট ১ লাখ ৮ হাজার ৩৪৬ জন সেবাগ্রহীতাকে দ্রুত সেবা প্রদান করা হয়েছে।
সেবা সপ্তাহের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে ছিল— ‘অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম (এএমএমএস-২)’ নামক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে অডিট আপত্তির জবাব গ্রহণ, ব্রডশিট জবাবের ভিত্তিতে দ্রুত আপত্তি নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিট আপত্তির সমন্বয় এবং অনাপত্তি সনদ (এনওসি) প্রদান।
পরিদর্শনকালে সিএজির সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. শরীফুল ইসলাম।
পরিদর্শন শেষে কর্মকর্তারা বিশেষ সেবা সপ্তাহে পাওয়া সেবামূলক ‘ফিডব্যাক’ সম্পর্কে সিএজিকে অবহিত করেন।
এই বিশেষ সেবা কার্যক্রমের আওতায় ১৭টি অডিট অধিদপ্তর, হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়, ৫০টি প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার (সিএএফও) কার্যালয়, আটটি বিভাগীয়, ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলা হিসাবরক্ষণ অফিস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এসএফসি), রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এবং বিভিন্ন সেনানিবাসের এরিয়া ফাইন্যান্স অফিসসহ দেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ কার্যালয়ে একযোগে এই সেবা প্রদান করা হয়।