‘বিরল’ বিজয়ে মোদীকে হাসিনার অভিনন্দন
টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাওয়া ভারতের প্রধানমন্ত্রীকে এক বার্তায় এ শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিহাস গড়ে টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাওয়া প্রধানমন্ত্রী মোদীকে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
চিঠিতে শেখ হাসিনা লেখেন, “বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে এনডিএ এর নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই।”
তিনি লিখেছেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসাবে, আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্খা লালন করবেন। আপনার দৃঢ় বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার এবং দেশের জন্য অবিচল আত্মোৎসর্গের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রমাণ।”
‘বিরল’ তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে মোদীর এ নবযাত্রায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন সরকারপ্রধান।
শেখ হাসিনা আরও লেখেন, “আমি আপনাকে আশ্বস্ত করছি, ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উনয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে।”
প্রকাশিত ফল অনুযায়ী ভারতের এবারের লোকসভা নির্বাচনে জোট হিসেবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। একক দল হিসেবে বিজেপি পেয়েছে ২৪০টি আসন, কংগ্রেস পেয়েছে ৯৯টি।
তিস্তার বিষয়ে নীতিগত পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না হাছান
নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নীতিগত কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ভারতের আগের সরকারই তো আবার নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে। সুতরাং কোনো বিষয়ে নীতিগত পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। পানির ন্যায্য হিস্যা অনুযায়ী তিস্তা চুক্তির বিষয়ে দুই দেশে যথেষ্ট আন্তরিকতা রয়েছে।”
ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আমরা তাদের অভিনন্দন জানাই। আমরা ইনডিয়া জোটকেও অভিনন্দন জানাই, তারা ভালো ফলাফল করেছে।
“সেইসাথে ভারতের জনগণকেও অভিনন্দন। তারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে, এ জন্য তাদের অভিনন্দন জানাই।”
ভারতের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। উভয় দেশের মধ্যে আন্তরিকতাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, আশা করি আগামীতেও তা অব্যাহত থাকবে।
দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “গত ফেব্রুয়ারিতে আমার ভারত সফরে কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আরও কিছু বিষয়ে আলোচনার জন্য ভারতের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল। শিগগির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করতে পারেন। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে সেসব বিষয়ে আলোচনা হবে।”
এবার ইনডিয়া জোট অনেক বেশি আসন নিয়ে বিরোধীদল হতে যাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ”এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে ভারতে বিরোধীদল সবসময় একটি ভালো ভূমিকা রাখে। এমনকি ভারতে বড় ধরনের যেকোনো সংকটে সরকারি ও বিরোধীদল একসঙ্গে ভূমিকা রাখে।
”আমাদের দেশের বিরোধীদলেরও উচিৎ ছিল ভূমিকা রাখার। কিন্তু সেটা তারা রাখে না।”
