Published : 16 Aug 2026, 07:12 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার ম্যাচের পর ভিডিও কলে দলের সঙ্গে কথা বলেন সরকারপ্রধান।
এদিন কিশোরগঞ্জ সফরে থাকা প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। ভিডিও কলে বিসিবি সভাপতি তামিম ইকবালও যুক্ত ছিলেন। ভিডিও ফোনালাপটি বিএনপির ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।
সেখানে ক্রিকেটারদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে অপেক্ষা করছি, আপনাদেরকে ওয়েলকাম করার জন্য।”
এরপর দলের সবার শারীরিক অবস্থার খোঁজ নেন সরকারপ্রধান। জানতে চান অস্ট্রেলিয়ার আবহাওয়া সম্পর্কেও।
তারেক রহমান বলেন, “ঠিক আছে। আসেন; আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য।”
ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটিং গুঁড়িয়ে দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন হাসান মাহমুদ।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তানজিদ হাসান। ব্যাট হাতে ৬৫ রানের পর ৫ উইকেট নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন মেহেদী হাসান মিরাজ।
ভিডিও ফোনালাপে হাসান মাহমুদ ও তানজিদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
কথপোকথনের এক পর্যায়ে তামিম ইকবাল বলেন, “ভাইয়া, তানজিদ তো বগুড়ার ছেলে; ১০০ করছে।”
তখন প্রধানমন্ত্রী বলেন, “বগুড়ার নয়, ও বাংলাদেশের ছেলে; বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।”