১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চানখারপুল-বকশীবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

অভিযানকালে যত্রতত্র বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 05:19 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

রাজধানীর চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ, মশক নিধন, বর্জ্য অপসারণ ও ট্রেড লাইসেন্স যাচাইয়ে সমন্বিত অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে প্রশাসক আবদুস সালামের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক বলেন, “প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

দখলদার ও ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, “পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে। ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সড়ে যেতে হবে। যাদের দোকানের ট্রেড লাইসেন্স নেই বা নবায়নের প্রয়োজন, তাদের দ্রুত তা করতে হবে।”

অভিযানে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়। এছাড়া সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।

এ সময় যত্রতত্র বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানায় ডিএসসিসি।