২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না: হাই কোর্ট

রিট আবেদনে বলা হয়,  গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকাটির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না: হাই কোর্ট
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 02:54 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাই কোর্ট। 

এর ফলে কোরবানির ঈদ সামনে রেখে সেখানে পশুর হাট বসানো যাবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ বুধবার রুলসহ এ আদেশ দেয়।

রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এ রিট আবেদন করেন স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন ঢালী।

গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরে সম্পত্তি বিভাগ

দরপত্র ডাকে। আফতাবনগরে ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন কোরবানির পশুর হাট বসানোর কথা বলা হয় সেখানে। 

ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে এই রিট মামলা করা হয়। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি অফিসারসহ নয়জনকে বিবাদী করা হয়।

অ্যাডভোকেট শামীম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে দিয়েছে আদালত। এ আদেশের ফলে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না।”

তিনি বলেন, “গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকাটির বসবাসের পরিবেশ মারাত্মকভাবে

ক্ষতির মুখে পড়ছে। পশুর বর্জ্যে এলাকার পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। হাটের কারণে সারা বছরেই প্রধান সড়কটিতে খানাখন্দ থাকায় আফতাবনগরে বসবাসরত নাগরিকদের যাতায়াতে ব্যাপক অসুবিধা পোহাতে হয়। 

একই বিষয়ে গত ৯ এপ্রিল আরও একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। তবে একই আদালত ওই আবেদন কর্যতালিকা থেকে বাদ দিয়েছে বলে আইনজীবী শামীম জানিয়েছেন।

পুরনো খবর