Published : 18 Dec 2025, 05:30 PM
সন্তান হিসেবে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের খোঁজখবর নেওয়াতে কি কোনো অপরাধ হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হকের আদালতে রিমান্ড আবেদনের শুনানিতে তিনি এ প্রশ্ন রাখেন।
হাতিরঝিলে যুবদল নেতা আরিফ হত্যা মামলায় এদিন বিথীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসামির রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন চান তার আইনজীবী বাদল মিয়া।
তিনি বলেন, “এজাহারে ৪৫ লাইনের পূর্ণাঙ্গ অভিযোগ উল্লেখ আছে। ১০ জনকে মামলায় আসামি করা হয়। এজাহারের ১৭ (নম্বর) লাইন থেকে ভিকটিমের পরিচয়। আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতার জেরে খুনের ঘটনা।”
এজাহারের বেশিরভাগ অংশ পড়ে শুনিয়ে আইনজীবী বাদল বলেন, “এতোবড় এজাহার বলার অর্থ কে কী করেছে, উল্লেখ আছে। ভদ্র মহিলার বাবাও এ মামলায় রিমান্ড খেটেছে। রিমান্ডে নেয়ার কারণ হিসেবে বলেছে, অস্ত্র উদ্ধার, সহযোগী অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্ত।
“কে অস্ত্র সরবরাহ করেছে, কে ব্যবহার করেছে, ব্যবহার করে কার কাছে অস্ত্র রিটার্ন দিয়েছে—সবই জানা গেছে। বাবা গ্রেপ্তার হয়ে জেলে আছেন। মেয়ের কাছে বাবা যাবে। বাবা অসুস্থ, ৬২ বছর বয়স। ওষুধ লাগবে কি না। এ হচ্ছে তার অপরাধ। ঘটনার সাথে কোনোভাবে জড়িত নন। রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।”
রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষে কৌঁসুলি সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম।
তিনি বলেন, “সুব্রত বাইন একাধিক মামলার আসামি। ফ্যামিলির কাছে শেয়ার করে—কোথায় যান, কাকে কিলিং করেন। ফ্যামিলি একটা অ্যাকাডেমি।
“হত্যাকাণ্ডের সাথে মেয়ে কোনো না কোনোভাবে জড়িত। বাবার মত মেয়েও অপরাধী। রিমান্ডের যৌক্তিকতা আছে। সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।”
জবাবে আসামির আইনজীবী বাদল মিয়া বলেন, “সুব্রত বাইন ২০২২ সালের ২৭ মে থেকে আয়নাঘরে অন্তরীণ। গত বছরের ৬ অগাস্ট রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে মেয়ের কাছে আসে।”
এরপর কথা বলার অনুমতি চান বিথী।
অনুমতি দিলে তিনি বলেন, “যেই মামলায় বাবাকে রিমান্ডে নেয়, আমাকেও ডাকা হয়। ৫ দিন কল করে ডিবি পুলিশ ডেকে নেয়। সেখানে কাগজে লিখিত জবানবন্দি দিয়ে আসছি। বাবা নিখোঁজ হন। (গত বছরের) ৬ অগাস্ট তাকে পায়।”
একদশক ধরে ভারতের কারাগারে অবস্থান করা সুব্রত বাইনকে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে। খবরে বলা হয়, এরপর থেকে তিনি বাংলাদেশের গোপন কারাগারে ছিলেন, যা আয়নাঘর নামে পরিচিত।
৫ অগাস্টের পট পরিবর্তনের পর আয়নাঘর থেকে মুক্তি পান সুব্রত বাইন। এরপর গত ২৭ মে তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের খবর দিয়েছিল আইএসপিআর।
শুনানিতে আসামি বিথী বলেন, “১৫ ডিসেম্বরের আগ পর্যন্ত বাবার সাথে সাক্ষাৎ করেছি। আমার ভাই নাই, ফ্যামিলির তেমন কেউ নাই। আমি বাবার সাথে সাক্ষাৎ করেছি, এটা কি আমার অপরাধ?”
গত সোমবার কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাজহারুল ইসলাম। তবে মামলার সেদিন মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখা হয়।
এদিকে মা বিথীকে আদালতে হাজির করা হবে জেনে আগে থেকে আদালতে অপেক্ষায় থাকেন মেয়ে জান্নাতুল ফেরদৌস জান্নাত। এজলাস কক্ষে এক পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। বিথী তার মেয়ের সঙ্গে কথা বলতে আদালতের কাছে অনুমতি চান।
আদালত অনুমতি দিলে পেঁছনে দাঁড়িয়ে থাকা শিশু জান্নাত মায়ের কাছে এগিয়ে যান। মেয়েকে বুকে টেনে নেন বিথী।
তিনি মেয়েকে বলেন, “মন খারাপ করো না। খালামনির কাছে থাকবে। যা লাগবে খালামনিকে বলবে। হোস্টেলে যা যা লাগবে, খালামনিকে বলবে।”
এ সময় কান্নায় ভেঙে পড়েন বিথী; মেয়েকে বুকে টেনে নেন। বিথীর অশ্রু ঝরতে দেখে তা মুছে দেয় মেয়ে জান্নাত।
এরপর আদালত আসামি বিথীর পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়। পরে বিথীকে এজলাস থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তিনি মারা যান।
আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডে একসময় সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। তার ওপর হামলার পর বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সুব্রত বাইনের মেয়ে বিথী ৫ দিনের রিমান্ডে
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
সাদাকালো ছবির ভয়ঙ্কর গল্পের সেই সুব্রত যেভাবে হাজির
সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার কুষ্টিয়ায়, বাকি দুজন হাতিরঝিলে