১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুব্রত বাইনের মেয়ে বিথী ৫ দিনের রিমান্ডে

গত সোমবার কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক।

প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা জানান, তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন শুনানিকালে খাদিজা ইয়াসমিন বিথীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী বাদল মিয়া রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

গত সোমবার কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে  আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাজহারুল ইসলাম। তবে মামলার মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তিনি মারা যান।  

আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডে একসময় সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। তার ওপর হামলার পর বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।