Published : 29 Apr 2026, 04:20 PM
‘অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগে ২ হাজার ৩১১ জন ডিলারের তালিকা করা হয়েছে বলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বলেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে তিনি বলেন, এসব ডিলারের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ের কাজ চলছে।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, “অনিয়মের মাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে ডিলারশিপ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নতুন ডিলার নিয়োগ করা হবে।”
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষকদের কাছে সঠিক সময়ে নিরবচ্ছিন্নভাবে সার পৌঁছে দিতে দেশে মোট ১১ হাজার ৫ জন সার ডিলার নিয়োজিত আছেন।
অন্যদিকে সরকারি দলের এমপি জিলানীর প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, বিদ্যমান ডিলারদের মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের নিয়োগ পাওয়া ৫ হাজার ৬৬৯ জন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নিয়োগ পাওয়া ৫ হাজার ৩৩৬ জন রয়েছেন।
‘ইটভাটার কারণে ১৫ হাজার একর জমি অনাবাদী’
জামায়াতে ইসলামীর সংসদ সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইটভাটায় ব্যবহারের জন্য ফসলি জমির উপরিভাগের মাটি কাটার কারণে ১৫ হাজার ৪৫০ একর জমি আবাদ অযোগ্য হয়ে পড়েছে।
পর্যটক টানার লক্ষ্য তুলে ধরলেন মন্ত্রী
প্রশ্নোত্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, ২০৪০ সালের মধ্যে ৫ কোটি ৫৭ লাখ পর্যটক আকর্ষণ
এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে।
জামালপুর-২ আসনের সরকারি দলের এমপি এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে তিনি এ মহাপরিকল্পনা তৈরির উদ্যোগের কথা বলেন।