Published : 26 Oct 2025, 02:57 PM
নির্বাচিত পরিচালনা পর্ষদ না থাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা ‘অনিয়ম-দুর্নীতি চলছে’ অভিযোগ তুলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম।
রোববার ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরা হয়।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেছেন, “নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি না থাকায় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন রাহুগ্রস্ত হয়ে পড়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পড়াশোনা হচ্ছে না।”
অধিকাংশ শিক্ষকের শ্রেণি কক্ষে পাঠদান না করে ‘কোচিং নির্ভর হয়ে পড়েছেন’ বলেও অভিযোগ করেন তিনি।
চলতি বছরের এসএসসি ও এইচএসসির বিপর্যয়কর ফল তুলে ধরে দুলু বলেন, দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ রয়েছে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বলেন, “তড়িঘড়ি করে ২০১২ সালের শিক্ষাক্রম চালু করলেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতার অভাবে চলছে স্বেচ্ছাচারিতা।”
গেল বছর ১৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাডহক কমিটি গঠন করে ৬ মাসের মধ্যে ‘নিয়মিত কমিটি’ গঠন করতে শিক্ষা বোর্ডগুলোকে ‘প্রয়োজনীয় নির্দেশনা’ দেওয়া হয় বলে জানান দুলু।
এ প্রজ্ঞাপনে অভিভাবকরা ‘আশান্বিত’ হলেও সম্প্রতি সেই আশা ‘লুণ্ঠিত হতে চলেছে’ মন্তব্য করে তিনি বলেন, “ফ্যাসিষ্ট সরকারের আমলে নিয়োগকৃত অযোগ্য ও অদক্ষ শিক্ষকরা মাথাচাড়া দিয়ে উঠেছে। শিক্ষকদের মধ্যে চলছে আন্তঃকোন্দল ও দলাদলি।
“শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটিতে আমলাতন্ত্র জেঁকে বসেছে, যারা নির্বাচন চায় না। বর্তমান অ্যাডহক কমিটি আগের মতোই অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। এরা শিক্ষার গুণগত মানের কোন তোয়াক্কা করছে না।”
অ্যাডহক কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও ‘জোর জবরদস্তি’ করে বহাল তবিয়তে রয়েছে বলে অভিযোগ অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি দুলুর।
ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ‘ফলাফল বিপর্যয়ের’ কথা তুলে ধরে তিনি বলেন, “এই প্রতিষ্ঠান দুটিতে অ্যাডহক কমিটির সভাপতিরা শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা এবং শিক্ষার্থীর টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা উদ্যোগ নেয়নি। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত।”
এমন অবস্থায় অ্যাডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নির্বাচনের দাবি জানান দুলু। একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে মনোনয়নের পরিবর্তে অভিভাবক, শিক্ষক, কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের দাবিও জানানো হয়।