Published : 23 Feb 2026, 09:08 PM
নিজের ফেইসবুক ও ইনস্টাগ্রাম আইডি নিষ্ক্রিয় (ডি-এক্টিভেট) করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও এ তথ্য দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আবদুস সাত্তার বলেন, ‘‘দেশের সর্বসাধারণ ও সকল মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এবিএম আবদুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত অ্যাকাউন্টসমূহ নিষ্ক্রিয় করা হয়েছে।
‘‘এমন অবস্থায় আমার নাম ও পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে বিভ্রান্তি , অসংগতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমি দায়ী থাকব না।”
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘‘জনগণ ও মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধু অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সর্তক থাকুন।”
গত মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠনের পর তারেক রহমানের মুখ্য সচিব পদে আবদুস সাত্তারকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
আবদুস সাত্তার গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে তিনি দীর্ঘ সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন