১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রতারণার জেরে’ রোগীর মৃত্যু: জাতীয় হৃদরোগ হাসপাতালের ওয়ার্ড বয় বরখাস্ত

এক রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওয়ার্ড বয়। তিনি নিজেই গাড়ি ঠিক করে দেন এবং লোক দিয়ে রোগীকে ওই হাসপাতালে দিয়ে আসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 07:11 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

বেসরকারি হাসপাতালের হয়ে ‘দালালি’ ও চিকিৎসক পরিচয়ে ‘প্রতারণার’ ঘটনার মধ্যে রোগীর মৃত্যুর অভিযোগে জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন ওয়ার্ড বয়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুল চৌধুরী ওই ওয়ার্ড বয় শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন, যে আদেশ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে।

অভিযোগ উঠেছে, গত ২৬ ফেব্রুয়ারি সকালে হাসপাতালে জরুরি বিভাগ থেকে জিন্নাত আলী নামের এক রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন ওয়ার্ড বয় শহীদুল। তিনি নিজেই গাড়ি ঠিক করে দেন এবং লোক দিয়ে তাকে ওই হাসপাতালে দিয়ে আসেন। 

নিজেকে বড় ‘ডাক্তার’ পরিচয় দিয়ে ওই ওয়ার্ড বয় রোগীকে পরীক্ষা করেন এবং 'তার হার্টে সমস্যা নেই, সমস্যা মাথায়, তাকে আইসিইউতে ভর্তি করতে হবে'- বলে মিথ্যাচার করেন বলে তখন অভিযোগ করা হয়।

পরে ওই বেসরকারি হাসপাতালে দুপুর ২টার দিকে রোগীর অবস্থার অবনতি হয়। তাকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই হাসপাতালে আটকে রাখা হয়। এরপর আবার তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে নিয়ে আসা হলে বিকাল ৩টা ২০ মিনিটে জিন্নাত আলী মারা যান।

এ ঘটনায় রোগীর ছেলে আবু হুরায়রা ওয়ার্ড বয় শহীদুলের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযোগ ওঠা ওয়ার্ড বয়কে কর্মরত রাখা হলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিত তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে শহীদুল নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে আদেশে বলেছে কর্তৃপক্ষ।