Published : 19 Sep 2025, 05:42 PM
ঢাকার বাংলামোটরে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় পুলিশের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দলটির কৃষি ও সমবায় উপকমিটির সদস্য কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার।
এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাকরাইল পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান।
আসামির পক্ষে আইনজীবী শিহাব মাহমুদ জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মগবাজার এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সদস্যরা গত ১২ সেপ্টেম্বর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে মিছিল করে। সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়।
এ ঘটনায় ওইদিনই রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ।