১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

বরাবরের মতই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 06:07 PM

Updated : 10 Sep 2026, 12:49 PM

ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সরকারের কয়েকজন মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন।

বরাবরের মতই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

প্রতিবার বিদেশ সফর থেকে এলে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন সরকারপ্রধান। এসব সংবাদ সম্মেলনে সফরের বিষয়ে বিবৃতি থাকলেও প্রশ্নোত্তর পর্বে বরাবর গুরুত্ব পায় সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লি যান শেখ হাসিনা, দেশে ফেরেন শনিবার।

এই সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সাতটি নতুন এবং তিনটি নবায়ন করেছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের কাছ থেকে রেল ট্রানজিট চায় ভারত।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদেরকে জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য আসেনি। রেল ট্রানজিটের শর্তগুলোও উঠে আসেনি।

তিস্তা মহাপরিকল্পনায় অংশগ্রহণের প্রস্তাবও দিয়েছে প্রতিবেশী দেশটি।

লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মত সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।

গত ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। সেই সফরেও দুই নেতার সঙ্গে কথা হয়েছিল।

প্রধানমন্ত্রী সবশেষ গত ২ মে সংবাদ সম্মেলনে এসেছিলেন তার থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে।