Published : 14 Sep 2025, 06:05 PM
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী সোমবার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রোববার সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন রাখা হয়।
ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই বেঞ্চের অপর দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, আশুলিয়ায় বাংলাদেশের জুলাই বিপ্লব ২০২৪ চলাকালে সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে বর্বর যে ঘটনাটি ছিল সে ঘটনাটির বিচার কাজ শুরু প্রাক্কালে যে আইন অনুযায়ী প্রসিকিউটর যে সূচনা বক্তব্য রাখে সে বক্তব্যটি সেখানে রাখা হয়েছে।
“৫ অগাস্ট বিকাল বেলায় আশুলিয়া থানার সামনের রাস্তায় ৬ জন আন্দোলনকারীকে গুলি তরে হত্যার পর তাদের মধ্যে ৫ জন নিহত অবস্থায় এবং একজন গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি রিকশাভ্যানে পরবর্তীতে একটি পুলিশভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
“সে ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে বিচারকাজ চলছে। তাদের মধ্যে ৮ জন গ্রেপ্তার এবং ৮ জন পলাতক আছেন। সে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামী কাল থেকে সে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।”
গত ২১ অগাস্ট এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় এই ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য রোববার দিন ঠিক করা হয়েছিল।
এ মামলায় গ্রেপ্তার ৮ আসামি হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল।
পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনের পক্ষে রাষ্ট্রের খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়।
গত বছরের ৫ অগাস্ট সাভারের আশুলিয়ায় পুলিশ পেট্রোলের আগুনে ছয় তরুণকে হত্যা করে। ওই ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।