১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিষদে এলেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ

মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর বহাল থাকবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 06:42 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

বুদ্ধিজীবী হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ডে যুক্ত হলেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ ও শিক্ষাবিদ ও গবেষক তাসনিম আরেফা সিদ্দিকী।

১৯৯৫ সালের জাতীয় গ্রন্থকেন্দ্র আইনে পরিচালনা বোর্ডের বিষয়ে বলা আছে, এই বোর্ডে সরকার কর্তৃক মনোনীত দুইজন বুদ্ধিজীবী থাকবেন, যাদের একজন হবেন নারী।

এছাড়া সরকার কর্তৃক মনোনীত পুস্তক প্রকাশক প্রতিনিধি হিসেবে আছেন দি ইউনিভার্সিটি প্রেসের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন এবং আদর্শ’র স্বত্ত্বাধিকারী মাহবুবুর রহমান।

মঙ্গলবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 

জাতীয় গ্রন্থকেন্দ্র আইন-১৯৯৫ (১৯৯৫ সালের ২৭ নং আইন) এর ৬(১) ধারা অনুযায়ী বোর্ড পুনর্গঠন করা হয়।

পদাধিকার অনুযায়ী বোর্ডে চেয়ারম্যান হিসেবে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, “জাতীয় গ্রন্থকেন্দ্র আইন-১৯৯৫ (১৯৯৫ সালের ২৭ নং আইন) এর ৬(২) উপ-ধারা (১) অনুযায়ী (ঝ) ও (ঞ) এর অধীন মনোনীত সদস্যগণ তাদের মনোনয়নের তারিখ হতে দুই বছর মেয়াদে স্বীয় পদে বহাল থাকবেন।” 

তবে সরকার মেয়াদ শেষ হওয়ার আগে কোনো কারণ দর্শানো ছাড়াই কোনো সদস্যকে তার পদ থেকে অপসারণ করতে পারবে বলে শর্ত রয়েছে। এছাড়া কোনো সদস্য স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন।

পদাধিকার অনুযায়ী বোর্ডে সদস্য হয়েছেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উপসচিব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শাখা-৪), শিক্ষা মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত একজন, তথ্য মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের সচিব, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি, গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, মুদ্রণ শিল্প সমিতির সভাপতি।

সরকার কর্তৃক মনোনীত দুইজন মুদ্রাকরও আছেন বোর্ডের সদস্য হিসেবে। তারা হলেন বাংলা একাডেমির সচিব এবং বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এর উপপরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি।