Published : 27 Nov 2025, 05:36 PM
প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার এই কর্মসূচির ৩৩তম দিন পার করছেন তারা।
তবে এখন পর্যন্ত সরকারের দিক থেকে ইতিবাচক বার্তা মেলেনি তুলে ধরে শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন তারা।
গেল ২৬ অক্টোবর থেকে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের’ ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকরা নানা সময়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলেও পুলিশের বাধায় সে কর্মসূচি পণ্ড হয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩৩ দিন অবস্থানের পরও সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো বার্তা পাইনি। বুধবার আমরা সচিবালয় ঘেরাওয়ে পদযাত্রা নিয়ে এগিয়ে গেলে পুলিশ আমাদের আটকে দেয়।
“বুধবার বিএনপি নেতা ও শিক্ষকনেতা সেলিম ভুঁইয়া আমাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে সচিবালয় ঢুকেছিলেন। তার সম্মানে আমরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাইনি।”
লাগাতার অবস্থানরত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের ৫ দাবি হল-
>> অনতিবিলম্বে সকল বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে।
>> সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে।
>> বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে।
>> শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’সহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার চালু করতে হবে।
>> ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষাক্রমের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সকল চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করতে হবে।
শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “এমপিওভুক্তির দাবি বাস্তবায়ন না হলে আমরা ক্লাসে ফিরে যাবো না।”