১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনিসুল, শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯

তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 02:23 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ নয়জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। 

এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। 

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহম্মেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেন। 

এর মধ্যে আনিসুল হক, শাজাহান খান, আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

খিলগাঁওয়ের হত্যাচেষ্টা ও পল্টন থানার হত্যা মামলায় তাজুল ইসলামকে, মিরপুর থানার হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ও লালবাগ থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এছাড়া সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহম্মেদকে যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। আর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন বিচারক।