Published : 25 Sep 2025, 10:26 AM
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের একটি হোটেলে এ বৈঠক হয় বলে বাসস জানিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে প্রেস ব্রিফিংয়ে জানান, বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন।
তিনি বলেন, “সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টায় বহু বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। মানবপাচারকারীরা প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের সমুদ্রপথে পাঠাচ্ছে এবং এতে প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।”
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় জানিয়ে শফিকুল বলেন, “এ সময় ইতালির প্রধানমন্ত্রী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে ইতালি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে।”
প্রেস সচিব বলেন, বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের প্রস্তাব করেন। জবাবে প্রধানমন্ত্রী মেলোনি ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে ইতালির সমর্থন পুনর্ব্যক্ত করেন মেলোনি।
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান শফিকুল আলম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।