Published : 17 Apr 2026, 09:24 AM
চলতি বছরের হজযাত্রার প্রস্তুতি পর্যবেক্ষণে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার রাতে তারা বিমানবন্দর পরিদর্শন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিদর্শনকালে কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার প্রস্তুতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে আসতে হবে।”
তিনি হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “হজযাত্রাকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করা আমাদের পবিত্র দায়িত্ব।”

এসময় অন্যদের মধ্যে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
শাহজালালে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চলতি বছরের হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটের শাহজালাল ত্যাগ করার কথা।
এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে; যার মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং চারটি সৌদি আরবের সৌদিয়া ও ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে।