১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অবৈধ সম্পদ: স্ত্রীসহ পাসপোর্ট পরিচালকের বিরুদ্ধে মামলা

মো. সাইদুল ইসলাম চট্টগ্রাম পাসপোর্ট অফিসে পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী শায়লা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের উপপরিচালক মোহাং নূরুল হুদা বাদী হয়ে মামলাটি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দায়ের করেন।

মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বর্তমানে মো. সাইদুল ইসলাম চট্টগ্রাম পাসপোর্ট অফিসে পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক ছিলেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, মো. সাইদুল ইসলাম ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা এবং তার স্ত্রী শায়লা আক্তার ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 

তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।