Published : 24 Feb 2026, 01:19 PM
দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
এসব হিসাবে ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।
দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, হারুন অর রশিদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে রেকর্ডপত্র পর্যালোচনায় হারুন অর রশিদ এবং ফাতেহা পারভীন লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া যায়।
কিন্তু এসব সম্পদের বিপরীতে তাদের সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তারা অস্থাবর সম্পত্তি অন্য জায়গায় হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। তাই তাদের নামে অর্জিত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা প্রয়োজন বলে দুদক আবেদনে জানিয়েছে।