Published : 15 Jul 2026, 10:41 PM
দেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১২ অগাস্ট বুধবার আখেরি চাহার শোম্বা পালিত হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
সভার পর ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফর মাসের চাঁদ দেখা নিয়ে সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও আঞ্চলিক কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে।
হিজরি সনের দ্বিতীয় মাস হলো সফর। এ মাসের শেষ বুধবার আখেরি চাহার শোম্বা পালিত হয়। আরবি ও ফার্সি উভয় ভাষায় 'আখেরী' শব্দের অর্থ 'সর্বশেষ'। আর 'চাহার শোম্বা' ফার্সি শব্দ, যার অর্থ বুধবার।
হযরত মুহাম্মদের (সা.) সবশেষ অসুস্থতা থেকে আরোগ্য লাভের ঘটনা স্মরণে দিনটি পালিত হয়ে থাকে।