১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিপিও এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত, সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা

নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে দক্ষিণ সিটির তরফে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:29 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসি।

এছাড়া বায়তুল মোকাররম মার্কেটের পাশে জিপিও লিংক রোডের উভয় পাশ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচানা করেছেন বলে দক্ষিণ সিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়েদাবাদ বাস টার্মিনালে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়েছে। ফুটপাত দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়। 

এর আগে গত ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ডিএমপি এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সায়েদাবাদ টার্মিনালের বাইরের সব অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং টার্মিনালের ভেতরে সুশৃঙ্খলভাবে কাউন্টার বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। 

সে সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সায়েদাবাদ বাস টার্মিনালের আশপাশের এলাকায় অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি।

দ্বিতীয় দিনের মতো সেখানে উচ্ছেদ অভিযান চালানো হল বৃহস্পতিবার।

এদিন আলাদা অভিযানে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশ ও ফুটপাত দখলমুক্ত করার কথা বলেছে দক্ষিন সিটি করপোরেশন।

তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযানে দীর্ঘ দিন ধরে ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার ফলে পথচারী চলাচলের পথ পুনরায় উন্মুক্ত হয়েছে।

এদিন নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে দক্ষিণ সিটির তরফে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নগর সংস্থার আওতাধীন সকল শপিংমল ও মার্কেটের সামনের ফুটপাতে কোনো প্রকার মালামাল রাখা যাবে না; দখলদারদের নিজ উদ্যোগে অবিলম্বে সকল মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পুরোনো খবর:

সায়েদাবাদে টার্মিনালের বাইরে ২৪০ অবৈধ বাস কাউন্টারউচ্ছেদ শুরু