Published : 08 Jul 2026, 02:59 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকায় মোহাম্মদপুরের ময়ূর ভিলা এলাকায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. মনিরুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, “ওমর ফারুক সুমন শেখ হাসিনার নির্দেশনায় ২০২৪ সালের ৫ অগাস্ট দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন ময়ূরভিলার তিন রাস্তা মোড় এলাকায় উপস্থিত থেকে নিরীহ আন্দোলনকারীদের উপর মারপিটসহ জ্বালাও পোড়াও আন্দোলনে অংশগ্রহণ করেন। তার ক্যাডার ও দলীয় বাহিনী দিয়ে আন্দোলনকারীদের গুরুতর আহত করেন মর্মে তদন্তে প্রতীয়মান হয়। আসামি জামিনে থাকলে এলাকায় পুনরায় সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্নি ঘটাতে পারে। এজন্য তাকে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।”
মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ অগাস্টে দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে মিছিলে অংশ নেন সোহেল রানা। শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আহত হন সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।”
এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন রাজধানীর মোহাম্মদ থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনকে আসামি করা হয়।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দিপু মনি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর রাজধানী থেকে ওমর ফারুক সুমন গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।