১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি

সরকারি মেডিকেলে ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি মেডিকেলে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 05:41 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

সারাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ জানুয়ারি; আর ২৮ ফেব্রুয়ারি হবে ডেন্টালে ভর্তির বিডিএস পরীক্ষা। 

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ মন্ত্রণালয়ে বিএমডিসিসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে এমবিবিএস এবং বিডিএসের পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।”

বাংলাদেশে সরকারি ৩৮টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।

আর দেশের তিনটি সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৫৪৫টি আসন। 

বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং ১৬টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি হতে পারে।