Published : 08 Sep 2026, 08:32 PM
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা।
মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার নেতৃত্বে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন বলে তথ্য দিয়েছে রাষ্ট্রপতির দপ্তর।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে তুলে ধরে বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
রাষ্ট্রপতি সাংবাদিকদের সঙ্গে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যের মধ্যে বখতিয়ার রাণা, কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, জাহিদুল ইসলাম রনি ও এ কে এম মহসীন উপস্থিত ছিলেন।