Published : 11 Aug 2025, 02:53 PM
গাড়ি আটকানোর পর কাগজপত্র মেয়াদোত্তীর্ণ থাকায় সার্জেন্ট মামলা দিতে নিলে তাকে ব্যাপক গালিগালাজ করছেন এক নারী, পাশেই তার স্বামী দাঁড়িয়ে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন পুলিশকে, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুলিশ বলছে, শনিবার রাতে রাজধানীর পলাশী মোড়ে ঘটে যাওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে সার্জেন্ট বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে রোববার মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- রাষ্টায়ত্ত রূপালী ব্যাংকের কর্মকর্তা শফিকুল ইসলাম ও তার স্ত্রী কাস্টমসে কর্মরত সহকারী কর কমিশনার ফাতেমা বেগম।
মামলার পর পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য খুঁজছে।
তবে এ দম্পতির বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলছেন, ওই দম্পতির বিরুদ্ধে পুলিশকে হুমকি, সরকারি কাজে বাধার অভিযোগ এনে লালবাগ থানায় একটি মামলা করেছেন একজন ট্রাফিক সার্জেন্ট।
ঘটনার বর্ণনা দিয়ে পরিচয় গোপন রাখার শর্তে একজন সার্জেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৮টার দিকে পলাশী মোড়ে একটি টয়োটা ফিল্ডার স্টেশন ওয়াগন গাড়ি আটকায় পুলিশ। প্রথমে কাগজ চাইলে তারা নিজেদের সরকারি কর্মকর্তা দাবি করে কাগজ দিতে অস্বীকৃতি জানান। তারা প্রথম থেকেই ‘যথেষ্ট রূঢ়’ ছিলেন। এরপর কাগজ নিয়ে দেখা যায় তার গাড়ির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে আরও পাঁচ বছর আগে।
এই সার্জেন্ট বলেন, মামলা দিতে চাইলে প্রথমে ভদ্রলোক নেমে এসে বেশ কঠোর স্বরেই মামলা না দিতে বলেন। এরপর তার স্ত্রী গাড়ি থেকে নেমে শুরু করেন গালিগালাজ। ‘বেয়াদব, ঘুষখোর, ছোটলোক’ থেকে শুরু করে এমন কোনো গালি নেই যা ভদ্রমহিলা পুলিশকে দেননি। তিনি ‘দেখে নেবেন, চাকরি খেয়ে দেবেন’ এসব হুমকিও দেন।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে নীল সালোয়ার কামিজ পরা নারী যাচ্ছেতাই ভাষায় কর্তব্যরত সার্জেন্টকে গালিগালাজ করছেন। ‘পুলিশ ঘুষ খাওয়ার জন্য গাড়ি আটকেছে, সারাজীবন ঘুষ খায় পুলিশ, বেয়াদব অফিসার’ চিৎকার করে এসব বলছিলেন সে নারী। পাশ থেকে পুলিশের যে কনস্টেবল ভিডিও করছিলেন তাকেও গালিগালাজ করেন তিনি। এ সময় তিনি পুলিশ পাঁচ হাজার টাকা ‘ঘুষ চেয়েছে’ বলেও অভিযোগ করেন, তবে পাশ থেকে তার স্বামী সঙ্গে সঙ্গেই তা নাকচ করে দেন। ওই নারীর স্বামী তাকে কয়েক দফা আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনার পর রোববার বেলা ৩টার দিকে ঘটনার শিকার সার্জেন্ট শাহ জামাল লালবাগ থানায় গিয়ে মামলাটি করেন জানিয়ে লালবাগ থানার ওসি ক্যশৈনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটা পলাশী মোড়ে গত রাত ৮টার দিকে ঘটেছে। ভদ্রলোক রূপালী ব্যাংকের কর্মকর্তা ও মহিলা কাস্টমসের সহকারী কর কমিশনার।”
জানতে চাইলে ওসি বলেন, “মামলার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।” তাদের গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে, বলেছেন তিনি।