১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্মৃতিসৌধে গ্রেপ্তার সেই ছাত্রলীগ কর্মী এক দিনের রিমান্ডে

১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন শেখ শিমন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 07:50 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শেখ শিমনকে সাভার থানার মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তার এক দিন রিমান্ডের আদেশ দিয়েছেন বলে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী তথ্য দিয়েছেন।

গত ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে শেখ শিমনকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পরদিন আশুলিয়া থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে তাকে সাভার থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় গত ১ জানুয়ারি তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই আবুল কালাম আজাদ তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন।

শুনানিতে হাজির করা হয় শিমনকে। তার পক্ষে আইনজীবী গোলাম রাব্বানী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

গত বছরের ৮ নভেম্বর ঢাকার সাভার মডেল থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে ১৫/২০ জন সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় ৯ নভেম্বর পুলিশ সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এই মামলায় ‘সন্দিগ্ধ আসামি’ হিসেবে শিমনকে গ্রেপ্তার দেখানো হয়।