Published : 03 Feb 2026, 01:50 AM
সমাজে দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার সন্ধ্যায় রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্রে তার লেখা ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়।
অনুষ্ঠানে ফাওজুল কবির বলেন, বর্তমান সমাজে কেউ কাউকে তোয়াক্কা করে না। এমন এক হতাশাজনক বাস্তবতায় ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে সমাজে মানুষের প্রতি মানুষের দরদ ও সহানুভূতি তৈরির ক্ষুদ্র প্রয়াস হিসেবেই তিনি বইটি লিখেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে আলোচকরা লেখকের ব্যতিক্রমী লেখকগুণ, সামাজিক দায়বদ্ধতার চেতনা, ভাষার প্রাঞ্জলতা, বিষয়বৈচিত্র্য, সমাজচিত্রায়ণ ও গবেষণাধর্মী দিক তুলে ধরেন।
তাদের মতে, বইটিতে বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।