Published : 26 Jun 2026, 11:55 AM
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।
শুক্রবার তারা জাদুঘরে পৌঁছালে তাদের স্বাগত জানান কিউরেটর লি জংইউয়েন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান জাদুঘরটি ঘুরে দেখেছেন।
‘‘চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস এবং দলটির ক্রমবিকাশ কীভাবে হয়েছে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।”
সরকারপ্রধান তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন, যেখানে চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস ও বিকাশের নানা দিক তুলে ধরা রয়েছে।
প্রধানমন্ত্রী সেখানে ভিআর কোস্টারও উপভোগ করেন। পরিদর্শন শেষে তারেক রহমান দর্শনার্থী বইয়ে সই করেন।
জাদুঘর পরিদর্শন শেষে স্থানীয় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’-এ ফিরে যান।

এর আগে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান ও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, দুই নেতা অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে ৫০ মিনিটের মতো বৈঠক করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এরপর তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচি’র সঙ্গে সাক্ষাৎ করেন। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর ঘুরে দেখেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। ওই সফরের আনুষ্ঠানিকতা সেরে পরদিন সোমবার তিনি পৌঁছান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে।
সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার বিকালে তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়। সফর শেষে স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বাংলাদেশ সময় সন্ধ্যায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা।