Published : 17 Sep 2025, 02:01 AM
ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়াসহ বিভিন্ন অসঙ্গতি নিয়ে পাঁচ বছরের বেশি সময় আগে দেওয়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একটি পোস্ট ফেইসবুকে ছড়িয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পোস্টটি ফেইসবুকে শেয়ার করলে তা আবার সামনে আসে; এরপর তা ভাইরাল হয়।
২০২০ সালের ১২ জুলাই আসিফ নজরুলের প্রকাশ করা সেই পোস্ট মঙ্গলবার বিকাল ৩টা ৫৪ মিনিটে হাসনাত আবদুল্লাহ নিজের ফেইসবুক থেকে শেয়ার করেন। ক্যাপশনে শুধু লেখেন, ‘আচ্ছা’।
পরে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
সরকারের বিশেষ ব্যক্তিদের জন্য কঠোর নিয়মের প্রস্তাব করে ওই পোস্ট দিয়েছিলেন আসিফ নজরুল। এতে তিনি লিখেছিলেন, “যদি ক্ষমতা থাকতো আইন করতাম।”
তবে কোন প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এ পোস্ট দিয়েছেন তা তিনি সুস্পষ্ট করেননি। তার বক্তব্য জানা যায়নি।
হাসনাত এমন দিনে এ পোস্ট দেন যেদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ক্যানসারে আক্রান্ত’ উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি ‘মানবিক জায়গা’ থেকে দেখা উচিত।
চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।
আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারিতে ছিলেন হাসনাত ও আসিফ।
মঙ্গলবার রাত দেড়টার দিকে এ প্রতিবেদন লেখার আগে পর্যন্ত হাসনাত আবদুল্লাহর পোস্টটি আট হাজার ৩০০ বার শেয়ার হয়। এতে এক লাখ ৯৮ হাজার রিয়াক্ট পড়ে।
অধ্যাপক আসিফ নজরুল তার পুরোনো পোস্টে ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়ার ওপর কড়া বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়ে লিখেছিলেন, “যদি ক্ষমতা থাকতো আইন করতাম–বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতিজরুরি ছাড়া কোনও সফরসঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে।"
তিনি লেখেন, “জনগণের টাকায় কোনও কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সব সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী–তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।"
হাসনাতের ভাইরাল পোস্টটিতে ২৭ হাজার কমেন্ট পড়েছে। তারা বিভিন্ন রকম মন্তব্য করেন। অনেকে ‘হায় আল্লাহ’ লিখে কমেন্ট করেন। কেউ আবার খোঁচা দিয়ে লিখেছেন ‘কি সুন্দর চিন্তা। এই সরলমনা লোকটা যদি আমাদের আইনমন্ত্রী হতেন, দেশটা বদলে যেত।’
আরেকজন লিখেছেন, “আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হতাম তাহলে কখনোই বাইরের দেশে চিকিৎসা নিতে যেতাম না।”
এ বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও এনসিপি নেতা হাসনাতের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।