১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতায় উপ-হাই কমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর যে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সেখানে সাংবাদিক প্রতিনিধি হিসেবে ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 07:11 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

বেসরকারি টিভি স্টেশন নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিবের (ফার্স্ট সেক্রেটারি-প্রেস) দায়িত্ব দিয়েছে সরকার।

বিএনপি বিটের এ নারী সাংবাদিককে সোমবার একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর যে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সেখানে সাংবাদিক প্রতিনিধি হিসেবে মারুফাকে রাখা হয়।

২০২৪ সালের অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সময় দায়িত্ব পাওয়া তিন মিশনের চার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। ওই বছর ১৮ অগাস্ট রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া এসব চুক্তি বাতিলের আওতায় পড়েন কলকাতা উপ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

একইবছর ৬ নভেম্বর তারিকুল ইসলাম ভূঁইয়াকে কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে পাঠায় অন্তর্বতী সরকার। একবছরের চুক্তিটি গত বছর নভেম্বরে এসে ফের বাড়ানো হয়।

গত ২২ জুলাই ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে এ পদ ছাড়ার তথ্য দিয়ে ফেইসবুকে লেখেন তারিকুল ইসলাম। এর পাঁচ দিনের মাথায় উম্মে মারুফার নিয়োগের তথ্য এল।

বিভিন্ন মিশনে কর্মকর্তা অদল-বদল করার মধ্যে ২০ জুলাই ইত্তেফাকের সাংবাদিক সাইদুর রহমানকে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেয় সরকার।