১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'উগ্রবাদী সংগঠনের' চার সদস্য দুই দিনের রিমান্ডে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চারজনকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

প্রসিকিউশন পুলিশের এসআই আশরাফুল আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবির রমনা বিভাগের একটি দল তাদের আটক করে। বুধবার ডিবি পুলিশের রমনা বিভাগের ইন্সপেক্টর শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। পরদিন তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।

রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের এসআই মতিউর রহমান মোল্লা।

আসামিদের পক্ষে অ্যাডভোকোট মায়েদ মাহমুদ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

শুনানি নিয়ে আদালত থেকে তাদের দুই দিনের রিমান্ডের আদেশ আসে।

এ মামলায় শনিবার রবিউল ইসলাম ওরফে রাশেদ ওরফে সজীব নামের আরেক আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।