Published : 12 Nov 2025, 10:16 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান।
এ ঘটনায় হতাহতের খবর মেলেনি।
প্রক্টর বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান থেকে দুটি হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। আমাদের প্রক্টরিয়াল টিম ও পুলিশের যৌথ অভিযান চলমান আছে।”
যেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। বিস্ফোরণের পর সেই অনুষ্ঠান বন্ধ রাখা হয়।
হাতবোমা বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। স্যার এ এফ রহমান হল থেকে তারা মিছিল বের করেন।
হাতবোমা বিস্ফোরণের পর রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, “যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে, সেখানেই সে প্রশাসনকে আইনের আওতায় নিয়ে আসুন; তাদেরকেই জবাবদিহির মুখোমুখি নিয়ে আসুন। নয়তো প্রশাসনকে রিফর্ম করা যাবে না।”