Published : 16 Nov 2025, 02:43 AM
দেশের প্রতিটি আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুই দফা দাবি পূরণের আশ্বাসে কলম বিরতি পালনের কর্মসূচি প্রত্যাহার করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
তবে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডে রোববার সারাদেশে কালোব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করবে অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে শনিবার রাতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, “আমাদের যৌক্তিক দাবির বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আলোচনা সাপেক্ষে ঘোষিত কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
“তবে আগামীকাল সারাদেশে বিচারকদের কালোব্যাজ ধারণ ও রাজশাহীর ঘটনায় সকল আদালতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।”
দেশের প্রতিটি আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে আরেকটি দাবির বিষয়ে বলা হয়েছে, রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সাথে সম্পৃক্ত এবং গ্রেপ্তার করা আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিচারকদের কাজের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ এই দুই দাবি বাস্তবায়ন করা না হলে রোববার থেকে সারাদেশের বিচারকেরা কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছিলেন।
বৃহস্পতিবার রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় যান গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন।
লিমনের ছুরিকাঘাতে ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও (৪৪) আহত হন। এসব ঘটনার সময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে লিমনও আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান। এই মামলায় আসামি লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এদিকে হত্যাকান্ড ঘটানোর পর আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ানকে ব্যাখ্যা দিতে তলব করেছে আদালত।
শনিবার রাজশাহী সিএমএম আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দিয়েছেন। ১৯ নভেম্বর মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে তাকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।