রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নতুন দুই রাষ্ট্রদূত
নতুন দুই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র্যাগনার উইকস ও আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানী।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকালে সুইডেনের পর আলজেরিয়ার রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
সুইডেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “সুইডেনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। সুইডেন পাঁচ দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি এ দ্বিপাক্ষিক সহযোগিতা মহিলা ও শিশুদের উন্নয়ন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
রাষ্ট্রপতি বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু-ইকোনমি, মেরিটাইম ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিংসহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আরও সুযোগ রয়েছে।”
সুইডেনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে নতুন রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে সুইডেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে ভূমিকা রাখতেও সুইডেনের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ও আলজেরিয়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সহযোগিতা ও সমর্থন করে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য দুই দেশের মধ্যে ইতোমধ্যে ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।”
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ওষুধ, টেক্সটাইল, পাটজাত পণ্যসহ বিভিন্ন বিশ্বমানের পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশ আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি, ইউরিয়া, খেজুর আমদানি করতে পারে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও বৃদ্ধি পেতে পারে।”
সাক্ষাতে সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সাক্ষাতে উপস্থিত ছিলেন।
