১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

ভুক্তভোগীর বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে থানায় নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 09:56 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

রাজধানীর মোহাম্মদপুরে তের বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। 

ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে রোববার হুসাইন আহম্মেদ নামে ওই শিক্ষককে আটক করা হয় বলে তথ্য দেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম। 

ওসি বলেন, “শিশুটির বাবা মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে এসেছে।”

অভিযোগে শিশুটির বাবা লিখেছেন, শিক্ষক হুসাইন প্রায় তিন বছর ধরে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বায়তুল ফজল জামে মসজিদে কোরআন শিক্ষার দায়িত্বে রয়েছেন। তার কাছে প্রায় দুই বছর ধরে তার ছেলে পড়ত।

অন্য একটি স্কুলের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী সম্প্রতি কোরআন শিখতে মসজিদে যেতে না চাইলে তার বাবার সন্দেহ হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যের মাধ্যমে তিনি জানতে পারেন, একাধিকবার তার ছেলে ওই শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। সবশেষ গত বুধবার কোরআন শিক্ষার ক্লাস শেষে অন্যান্য শিক্ষার্থীদের বের করে হুসাইন ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার বিকালে এ বিষয়ে জানতে ওই মসজিদে যান শিশুটির বাবা। সেখানে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে হুসাইন ‘অসংলগ্ন কথাবার্তা’ বলতে থাকেন। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।

শিশুটির বাবা বলেন, “ওই মসজিদের সঙ্গেই একটি মাদ্রাসা আছে। হুসাইন আহম্মেদ ওই মাদ্রাসার শিক্ষক। আমার বাচ্চাটা অন্য একটা স্কুলে ফাইভে পড়ে। কোরআন শিখানোর জন্য সেখানে দিয়েছিলাম। একাধিকবার সে বাচ্চাটার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে।”