Published : 05 May 2026, 12:52 PM
সেনাবাহিনীতে 'আরও শক্তিশালী জনবল' সংযুক্ত করতে জেলা প্রশাসকদের ভূমিকা কেমন হওয়া প্রয়োজন সে বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো ছিল, যে পেশাদারিত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা আরো শক্তিশালী জনবল সংযুক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কী ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।"
সাকলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তৃতীয় দিনের মত চলা জেলা প্রশাসক সম্মেলনে প্রতিরক্ষা বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
তার ভাষ্য, "আমাদের সরকার দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জন-গণমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে যে অবস্থান থাকার কথা, সেই দিকনির্দেশনা আমি তাদেরকে দিয়েছি।
"সেখানে আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই, আমরা যে টোটাল পিপলস ওয়ার যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ছিল, সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে আমাদের জেলা প্রশাসকদের কী ধরনের ভূমিকা থাকা উচিত, সেটার ব্যাপারে আলোচনা করেছি।"
তিনি এ সময় বলেন, "আমরা আরও আলোচনা করেছি আমাদের যে বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমনিতে কাজ করেছে, সেই হারমনিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।
"এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দিকনির্দেশনাগুলো ছিল, সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "সামগ্রিকভাবে এটা অত্যন্ত একটা ফলপ্রসূ আলোচনা পর্ব ছিল এবং তাদের যে স্বতস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আমাদেরকে সত্যিই বিমোহিত করেছে এবং আমরা আশা করি তাদের যে সহায়তা, তারা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সশস্ত্রবাহিনী সবাই আশা করে, সেই বাহিনীর দিকে আমরা ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছুতে পারব।"
গেল রোববার ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চারদিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন বিষয় ও মন্ত্রণালয় সম্পর্ককৃত বিষয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা চলছে।