ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী, আলোচনায় থাকছে জনশক্তি রপ্তানি
তার সফরে যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
জনশক্তি রপ্তানিসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য দুইদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি।
রোববার বিকালে ঢাকায় পৌঁছলে তাকে স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কাতারি শ্রমমন্ত্রী।
এর আগে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে আল-মাররিকে বিদায় অভ্যর্থনা জানান কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান।
কাতার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতারি শ্রমমন্ত্রীর এই সফর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার অকৃত্রিম দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।
দূতাবাস বলছে, তার সফরে যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে শ্রম, জনশক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার কথা রয়েছে।
“আমরা আশা করি, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে এবং কাতার ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারিত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করবে।”
