১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তারেকের ফেরা: কোন সড়ক খোলা, কোন সড়ক বন্ধ, জানাল পুলিশ

বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুরের মধ্য চলাচলকারী ট্রেন ব্যবহার করতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন ব্যাপক জনসমাগম হবে ধরে নিয়ে রাজধানীতে যান চলাচলে বেশ কিছু রুটে পরিবর্তন এনেছে  ঢাকা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করতে বলা হয়েছে।

হজযাত্রী এবং বিদেশগামী অন্য যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি টিকিট সঙ্গে রাখা এবং সঙ্গে কোনো সহযোগী না রাখার অনুরোধও জানিয়েছে ডিএমপি। 

বুধবার ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন গুলশানের বাসভবনে।

 “বিমানবন্দর থেকে যাওয়ার পথে রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে।”

এ কারণে সুষ্টু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনা প্রস্তুত করা হয়েছে তুলে ধরে তা পালনে সকলকে অনুরোধ জানান হয় পুলিশের বিজ্ঞপ্তিতে।

যেসব অনুরোধ ডিএমপির—

>> বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থান, সংবর্ধনা স্থান থেকে এভারকেয়ার হাসপাতাল এবং এভারকেয়ার থেকে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীদেরকে সড়কের প্রয়োজনীয় অংশ ছেড়ে দেওয়া এবং

>> বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী হতে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করা।

বিকল্প সড়ক

>> আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা যাবে।

>> উত্তরা ও মিরপুরে বসবাসকারীরা বিমানবন্দর সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২নং সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন থেকে ১৮ নং সেক্টর-পঞ্চবটি হয়ে মিরপুর বেঁড়িবাধ হয়ে চলাচল করতে পারবেন।

>> গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১, পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে চলাচল করতে পারবেন।

>> মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারবে।

>> কাঞ্চনব্রিজ থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে আসা যানবাহন এক্সপ্রেসওয়ের মস্তুল থেকে বামে টার্ন নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর দিয়ে (এম ব্লক, স্বদেশ প্রোপার্টি লিমিটেডের পাশের রাস্তা) মাদানী এভিনিউ হয়ে চলাচল করতে পারেন।

>> তেজগাঁও-মিরপুরসহ বিভিন্ন এলাকার যানবাহন মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নীচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় চলাচল করতে পারেন।

>> যাত্রীরা বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুরের মধ্য চলাচলকারী ট্রেন ব্যবহার করতে পারেন।

>> মিরপুর ও উত্তরাবাসী বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করতে পারবেন।

অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের কিছু অনুরোধ জানিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে—  

>> কোনো ব্যাগ বা লাঠি বহন না করা

>> কোনো যানবাহন নিয়ে তারেক রহমানের গাড়ি বহরে যুক্ত না হওয়া

>> মোটরসাইকেল নিয়ে গুলশান ও বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান না করা

>> জরুরি পরিসেবায় ব্যবহৃত যানবাহনকে নির্দেশনার আওতামুক্ত রাখা এবং

>> গুলশান-২ গামী এবং গুলশান-২ থেকে নতুন বাজারগামী রাস্তা পরিহার করা।

গাড়ি পার্কিং কোথায়

অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের নিদিষ্ট স্থানে পার্কিং করার জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে রয়েছে—

>> টঙ্গী জয়দেবপুর রোড থেকে আসা গাড়ির জন্য টঙ্গীর বিশ্ব এজতেমা মাঠ;

>> সিলেট ও চট্টগ্রাম পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ির জন্য পূর্বাচলের নীলা মার্কেট বা বাণিজ্যমেলা মাঠ;

>> আমিনবাজার গাবতলী হয়ে আসা গাড়ির জন্য উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুরহাট মাঠ (বৌ বাজার);

 >> বাবুবাজার ব্রিজ ও বসিলা ব্রিজ হয়ে আসা গাড়ি আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ এবং 

>> মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আসা গাড়ি মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্ক করা যাবে।