Published : 23 Feb 2026, 12:54 PM
ঢাকার শ্যামপুরের পোস্তগোলা এলাকায় ‘চোর সন্দেহে পিটুনিতে’ এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলায় বিআইডব্লিউটিএর একটি প্রজেক্টে রড চুরির অভিযোগে আব্দুর রহিম (৩৫) নামে ওই যুবককে ধরে মারধর করা হয়।
খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে বলে ডিএমপির শ্যামপুর জোনের সহকারী কমিশনার মো. সরাফত উল্লাহ জানিয়েছেন।
তিনি বলেন, “বিআইডব্লিউটিএর প্রজেক্টে চুরির সময় ওই যুবককে হাতেনাতে ধরা হয়। তাকে মারধর করা হয়েছে, আবার সেখানে যেহেতু লোহালক্করের বিষয় রয়েছে, নিজে থেকেও পড়ে গিয়ে আহত হতে পারে। তার কাছে চুরির কিছু মাল পাওয়া গেছে, ১৫ পিস ইয়াবাও পাওয়া গেছে।”
পরে সেখানকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে পুলিশের এই কর্মকর্তা বলেছেন।
নিহত আব্দুর রহিমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে রোববার রাতেই চুরির অভিযোগে একটি মামলা হয়েছিল।
এখন তার মৃত্যু হওয়ায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশ কর্মকর্তা সরাফত।