১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাগজপত্র ‘দেখতে’ রাস্তায় বাস থামানো হবে না: ডিএমপি কমিশনার

তবে কবে থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে, তা বলেননি তিনি।

কাগজপত্র ‘দেখতে’ রাস্তায় বাস থামানো হবে না: ডিএমপি কমিশনার
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

কাগজপত্র খতিয়ে দেখতে ট্রাফিক সার্জেন্টরা যাত্রীবাহী কোনো বাস রাস্তায় থামাতে পারবেন না বলে নির্দেশনা দেওয়ার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। 

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও রোড সেফটি স্লোগান প্রতিযোগিতা ২০২৪’ এর উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।

সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাসের কাগজপত্র খতিয়ে দেখার বিষয়ে নতুন নির্দেশনার কথা জানান ডিএমপি কমিশনার। তবে কবে থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে, তা বলেননি তিনি।

মহাখালী বাসস্ট্যান্ডে শৃঙ্খলা আনতে ডিএমপির পদক্ষেপের বিষয়ে হাবিবুর রহমান বলেন, “আইনগতভাবে অবৈধ জেনেও যানজট কমাতে বাস্তবতার নিরিখে ঢাকার মহাখালী টার্মিনালে রাস্তার ওপর এক সারিতে বাস পার্ক করার অনুমতি দেওয়া হয়েছে।”

যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সিটি করপোরেশন, গাড়ির মালিক, চালক ও পথচারী সবাইকে আন্তরিক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

জাইকার কারিগরি সহযোগিতায় ডিএমপির ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ ও আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) এর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) ঢাকা রোড সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম ও জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইয়ামি ওকাযাকি।