Published : 15 Jul 2026, 05:25 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার গুলশানে নাজিম উদ্দিন নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টা মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় সাবেক এই এমপির মুক্তি আটকে গেল বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মোশারফ ১০ জুলাই সাবেক এমপি মুক্তিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার।
এদিন শুনানিকালে মুক্তিকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। মুক্তির পক্ষে শুনানি করেন তার আইনজীবী জাহাঙ্গীর আলম ও শাহাবুদ্দিন রাজু।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।
মুক্তির আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, নড়াইলের পাঁচ মামলায় ও ঢাকার এক মামলায় জামিন পেয়েছেন কবিরুল হক মুক্তি। তিনি যখন কারামুক্ত হবেন, তখনই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে।”
মামলার বিবরণীতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন। পরবর্তীতে সিটিস্ক্যান করলে তার মাথায় ১৮০টি ছররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। যার মধ্যে ১২৭টি গুলি বের করা হয়।
ওই ঘটনায় ভুক্তভোগীর খালা গুলশান থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।