১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুরকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।

রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 09:51 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিন দিনের সফরে রোববার তার মস্কো যাওয়ার তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর ঘিরে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সংবাদ সম্মেলনের তথ্য তুলে ধরা হয়। 

মারিয়া জাখারোভা বলেন, “রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে ৭ থেকে ৯ জুন রাশিয়ায় সরকারি সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।”

তিনি বলেন, ৮ জুন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এতে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

“জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি পদে খলিলুর রহমানের নির্বাচনের প্রেক্ষাপটে জাতিসংঘের কার্যক্রমে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে আলোচনায় বিশেষ মনোযোগ দেওয়ার পকিল্পনাও আছে।”

রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রসাটম স্টেট করপোরেশনসহ রাশিয়ার বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সফর সূচিতে রয়েছে বলে তুলে ধরেন জাখারোভা।

তিনি বলেন, সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের সফরে ঢাকায় গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবার খলিলুরকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া সরকার।