Published : 12 May 2026, 07:31 PM
দেশের বিভিন্ন স্থানে স্পিডবোটে পারাপারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগের পর ১২ নদীবন্দরের ৪৪ রুটে ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার।
মঙ্গলবার নৌ পরিবহন মন্ত্রণালয় এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে; যেখানে ৪৪ রুটে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করে তালিকা প্রকাশ করা হয়।
সোমবার থেকে সব নির্ধারিত রুটে এ ভাড়া কার্যকর হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিধিমালা অনুযায়ী স্পিডবোটের এ ভাড়া নির্ধারণ করা হয়। সাধারণত রুটভেদে প্রতি কিলোমিটারে সরকারি হার অনুযায়ী কিংবা জেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় স্পিডবোট মালিক সমিতির আলোচনার মাধ্যমে আগে জনপ্রতি ভাড়া চূড়ান্ত করা হত।
তবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে স্পিডবোটের ভাড়া পুননির্ধারণ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে যাত্রী বিক্ষোভ ও ধর্মঘটের ঘটনা ঘটছে। সিন্ডিকেট ও ইজারাদারদের দৌরাত্ম্য, সরকার নির্ধারিত ভাড়া বাস্তবায়ন না হওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীদের মধ্যে নিয়মিত বচসা ও বিক্ষোভও হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে যেসব রুটে নৌপথ তুলনামূলক ‘শান্ত’ এবং যেসব রুট ‘অশান্ত’ সেগুলোর জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়।
‘শান্ত’ রুটে প্রথম ১০ কিলোমিটারের ভাড়া জনপ্রতি ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরের ১০ কিলোমিটারের জন্য গুণতে হবে আরো ১০ টাকা ৮০ পয়সা। অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে দিতে হবে ৬ টাকা ৬৪ পয়সা।
‘অশান্ত’ রুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭ টাকা। পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে দিতে হবে ১৫ টাকা।