১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনা ও ফরিদপুরের ৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ

হাই কোটের আদেশ মেনে সীমানা পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। 

এই চার সংসদীয় আসন হলো— পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। 

হাই কোর্ট বিভাগের আদেশ অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

বুধবার প্রকাশিত গেজেট অনুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা: ৬৮) আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। 

পাবনা-২ (নির্বাচনি এলাকা: ৬৯) আসনের মধ্যে পড়েছে সুজানগর উপজেলা এবং একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) বাদে বেড়া উপজেলার বাকিটা।

গেজেটের তথ্যানুযায়ী, ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা: ২১২) আসনের সীমানায় নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে। 

ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা: ২১৪) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে তিন উপজেলা— ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর।

শুক্রবার জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, "আদালতের আদেশ অনুযায়ী এই সীমানা পুননির্ধারণ করা হয়েছে।"

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি  নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নেওয়া হবে।

আরও পড়ুন

সংসদ নির্বাচন: একটি আসন বাড়ল গাজীপুরে, কমল বাগেরহাটে