রাঙ্গুনিয়ায় ক্ষেত থেকে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার
ওসি বলেন, “স্কুলছাত্রের গলায় কাটা দাগ আছে।”
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাঙ্গি ক্ষেত থেকে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাটের হাজারী বিল থেকে মোহাম্মদ শাহেদ ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।
শাহেদ পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর এলাকার দুবাই প্রবাসী আবদুল মোনাফের ছেলে। স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল এই কিশোরের।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেটি সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরে এ ঘটনায় গভীর রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মঙ্গলবার সকালে হাজারী বিলে বাঙ্গি ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, “স্কুলছাত্রের গলায় কাটা দাগ আছে।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
