সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের সবার বাড়ি সিলেট জেলায়।
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশির প্রাণ গেছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার দূরে আল-হাওয়িয়াহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই চার বাংলাদেশি একটি ইনোভা গাড়িতে ছিরেন। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। তাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।
নিহতরা হলেন–করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। তাদের সবার বাড়ি সিলেট জেলায়।
নিহতদের মরদেহ আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এক শোকবার্তায় তারা বলেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে সরকারের তরফ থেকে।
