Published : 08 May 2026, 11:30 PM
গুজব, অপতথ্য ও ডিপ ফেইকের সময়ে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং সম্পর্কে দক্ষ হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সাংবাদিকতায় এআই এর ব্যবহার সংক্রান্ত সাত দিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, “শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তিনির্ভরতার এ সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
“তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে, কেউ যেন প্রতারণার শিকার না হয়।”
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই এর সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়। বিভিন্ন ব্যাচে ৬০০ ডিআরইউ সদস্য এতে অংশ নেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুল ইসলাম খান প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
ডিআরইউ সভাপতি আবু সালে আকন বলেন, “সাংবাদিকদের দায়িত্ব হবে এই প্রযুক্তির সঠিক ও কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এআই শুধু একটি প্রযুক্তি নয়। এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার।”
সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গেমপ্লিফাই এর কর্মকর্তা ইমাম হাসান সোহেল।